পৌরাণিক কাহিনির বহু শ্রুত কিংবদন্তি সেই ফিনিক্স পাখি, যে ধ্বংসের ভস্ম বা ছাই থেকে আবারও নতুন করে জন্মগ্রহণ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষকেরা ফিনিক্সের মতোই আশ্চর্য এক গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথপুঞ্জের সন্ধান পেয়েছেন। পৃথিবী থেকে ৫৭০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই ছায়াপথপুঞ্জ থেকে অবিশ্বাস্য কম সময়ে নক্ষত্র সৃষ্টি হয়। ছায়াপথপুঞ্জের এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে গবেষকেরা নতুন এ অঞ্চলটির নামও রেখেছেন ‘ফিনিক্স’। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষকেরা জানিয়েছেন, ছায়াপথগুচ্ছের এ বিশেষ অঞ্চলটিকে ফিনিক্স নামে ডাকা হলেও এর অফিশিয়াল নাম ‘এসপিটি-সিএলজে২৩৪৪-৪২৪৩’। ফিনিক্স থেকে অল্প সময়ের ব্যবধানে নতুন নতুন নক্ষত্র তৈরি হচ্ছে। এই নক্ষত্র সৃষ্টির হার ছায়াপথের গঠন বা সময়ের সঙ্গে নক্ষত্রপুঞ্জের বিবর্তনের বিষয়টি নিয়ে গবেষকদের নতুন করে চিন্তার খোরাক জোগাবে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার সাম্প্রতিক বিস্ময় ফিনিক্স নিয়ে ভাবনার অনেক বিষয় ছিল। অধিকাংশ ছায়াপথগুচ্ছের কেন্দ্রের ছায়াপথগুলো কোটি কোটি বছর ধরে সুপ্ত থাকে। কিন্তু ফিনিক্সের কেন্দ্রের ছায়াপথটির নতুন নক্ষত্র তৈরির হার বা প্রবণতাটি লক্ষ করার মতো।
ফিনিক্স বিষয়ে নেচার সাময়িকীতে আজ ১৬ আগস্ট একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সাউথ পোল টেলিস্কোপসহ অন্যান্য আটটি পর্যবেক্ষণকেন্দ্র থেকে ফিনিক্সের ওপর গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখেছেন, ফিনিক্স থেকে প্রতিবছর ৭৪০টি নক্ষত্র তৈরি হয়।
স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরির গবেষক মারি ম্যাকায়েক জানিয়েছেন, ফিনিক্সে নক্ষত্র তৈরির হার অত্যন্ত বেশি। ফিনিক্স ছায়াপথপুঞ্জে অসংখ্য ছায়াপথ রয়েছে। কোনো ছায়াপথপুঞ্জের কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর সে নক্ষত্রপুঞ্জ থেকে নতুন নক্ষত্র তৈরিতে বাধা সৃষ্টি করে। কিন্তু ফিনিক্সের ক্ষেত্রে কেন্দ্রের ছায়াপথটির ব্ল্যাকহোল নক্ষত্র তৈরিতে বাধা দিতে ব্যর্থ হয়েছে। এখন প্রতিদিন গড়ে দুটি করে নক্ষত্র তৈরি করে চলেছে ফিনিক্স। (The Daily Prothom Alo / 16 Aug.)
-------------------------
|
For Domain registration, Web Hosting, Design, Joomla or Wordpress, E-Commerce, Open Source CMS, Custom Design, E-Mail. Please Contact: +966 593397787 | E-Mail- shah@gopalgonj.net |




