
আকাশ চিরে বিজলি ঝরে
বজ্র ঝরে কন্ঠে তাঁর
স্বাধীনতার ডাক দিয়েছেন-
বঙ্গবন্ধু শেখ মুজিবর।
৭ মার্চ উনিশ শ’ একাত্তর
বাঁধ ভাঙ্গা প্লাবন জনতার
রমনার রেসকোর্স ময়দানে
ঠাঁই নাই তিল ধরে সেখানে।
কাঠের বন্দুক, বাঁশের লাঠি
হাতে হাতে আর, কাঁধে সবার
জেগেছে অসীম গণজোয়ার
কঠিন শপথ - স্বাধীনতার।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি
দাঁড়ান মঞ্চে - সামনে জনতার
ডান হাত তুলে তর্জনী নেড়ে
জলদ কন্ঠে - ‘ভায়েরা আমার!’
রুদ্ধশ্বাস, উদ্বেল জনতার
অধীর প্রতীক্ষা একটি ঘোষণার
অপেক্ষা-সমঝোতা নয় আর
এক দফা দাবী আজ - স্বাধীকার।
ঢাকার আকাশ বিদীর্ণ করে
ধ্বনি প্রতিধ্বনি - কাঁপে সারাদেশ
বিজ্ঞ সেনাপতি বাক্য বুলেটে -
ছুড়েন যুদ্ধের সাহসী নির্দেশ।
অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ
বজ্র কন্ঠে অমোঘ উচ্চারণ -
এবারের সংগ্রাম - মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম - স্বাধীনতার সংগ্রাম।




