ব্যবহারকারীর দেয়া রেটিং: / 0
খারাপউত্তম 

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ১০ বছরের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ সোমবার এ রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের তিন বছরের সাজার রায়ও বাতিল করা হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে মামুন ও তাঁর স্ত্রীর আপিল মঞ্জুর করে এ রায় দেন।
আদালতে মামুন ও তাঁর স্ত্রীর পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। দুদক চাইলে সম্পদের বিবরণ জানতে চেয়ে মামুনকে নতুন করে নোটিশ দিতে পারবে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের ৫০ ব্যক্তিকে তাঁদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেওয়া ওই তালিকায় মামুনের নামও ছিল। তবে মামুন সম্পদের হিসাব দাখিল করেননি।
২০০৭ সালের ৮ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১১০ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৪২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় একই বছরের ২৪ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০০৮ সালের ২৭ মার্চ বিশেষ জজ আদালতের রায়ে মামুনের ১০ বছর এবং তাঁর স্ত্রীর তিন বছরের সাজা হয়। এই সাজার বিরুদ্ধে ওই বছরই মামুন এবং ২০১০ সালে তাঁর স্ত্রী হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট আজ এ রায় দেন। (The Daily Prothom Alo / 30 July)