ঢাকা: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে দুই ধাপ এগিয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে নাটকীয় জয়ের পর পাকিস্তান (১০৮) ও অস্ট্রেলিয়াকে (১০৭) র‌্যাংকিংয়ে পেছনে ফেলেছে বাংলাদেশ (১১১)। তাদের সামনে এখন কেবল ইংল্যান্ড (১৩০), দক্ষিণ আফ্রিকা (১২২) ও শ্রীলঙ্কা (১১৫)।

শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর প্রথমবারের মতো র‌্যাংকিংয়ে জায়গা করে নেয় বাংলাদেশ। র‌্যাংকিংয়ে স্থান পেতে হলে ২০০৯ সালের ১ অগাস্ট থেকে অন্তত ৮টি ম্যাচ খেলার শর্ত ছিল। শুক্রবার সেই শর্ত পূরণের পর ষষ্ঠ স্থানে উঠে আসে মুশফিকুর রহিমের দল।

এ সময় নিউজিল্যান্ড (১০৫), ভারত (১০৩), ওয়েস্ট ইন্ডিজ (১০৩) ও আয়ারল্যান্ডকে (৮৩) পেছনে ফেলে তারা।

সর্বশেষ ৫ ম্যাচে এটি বাংলাদেশের চতুর্থ জয়। গত বছরের ১১ অক্টোবর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চার বছরেরও বেশি সময়ের জয় খরা কাটায় বাংলাদেশ। এর পর পাকিস্তানের কাছে হারলেও আয়ারল্যান্ডে জিতেছে ৩ ম্যাচের সব কটিতেই।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ব্যাপারে দেশ ছাড়ার আগে মুশফিক বলেছিলেন, “বেশি ম্যাচ খেলি না বলে এই ফরম্যাটে ভালো খেলি না। আমরা এতো কম ম্যাচ খেলি যে আফগানিস্তানেরও র‌্যাংকিং আছে অথচ আমাদের নেই।”

ইউরোপ সফরে সব ম্যাচ জিতে র‌্যাংকিংয়ে উপরের দিকেই থাকতে চেয়েছিলেন মুশফিক। আয়ারল্যান্ডকে হারিয়েই সেই লক্ষ্য পূরণ হয়েছে তার। এখনো নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে ম্যাচ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের কাছে হারের পর র‌্যাংকিংয়ে আফগানিস্তানের (৮৩) পেছনে ১১ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড।

রেটিং পয়েন্ট শূন্য নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। ৬৭ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে নবম স্থানে রয়েছে দলটি।