ব্যবহারকারীর দেয়া রেটিং: / 0
খারাপউত্তম 

সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন

একসময়ের জনপ্রিয় জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে। কত দিন পর? সুবর্ণা বললেন, ‘অনেক বছর তো হবেই। যত দূর মনে পড়ছে, আমরা দুজন একসঙ্গে শেষ কাজ করেছিলাম তৌকীর আহমেদের একটা ধারাবাহিকে। নাম অরণ্যের সুখ-দুঃখ। এনটিভির গোড়ার দিকে প্রচারিত হয়েছিল।’
এবার তাঁরা অভিনয় করছেন একটি টেলিছবিতে। নাম প্রেম বাঁচিতে জানে। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করবেন আরিফ খান। ঈদের অনুষ্ঠানমালায় টেলিছবিটি প্রচারিত হবে এনটিভিতে।
আরিফ খান জানালেন, পারিবারিক কিছু মূল্যবোধ নিয়ে গল্প। গল্পে আফজাল-সুবর্ণা দম্পতির সংসারে হঠাৎ টানাপোড়েন তৈরি হয়। তা-ই নিয়ে গল্প এগিয়ে যায়। এই টেলিছবির জন্য এই সময়ের আরও দুজন শিল্পী অভিনয় করবেন। তবে এই শিল্পীদের নাম চমক হিসেবেই রাখতে চান পরিচালক। টেলিছবিটির শুটিং শুরু হবে ১৩ জুলাই।
আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে এবারের ঈদের জন্য আরেকটি নাটক তৈরি করবেন বদরুল আনাম সৌদ। নাম চিকিৎসক রশীদ করিম ও তাঁর বিবাহবিষয়ক জটিলতা। প্রচারিত হবে চ্যানেল নাইনে।
নাটকটির নাট্যকার ও পরিচালক সৌদ বললেন, ‘সুবর্ণার সঙ্গে তো আগেই কথা হয়েছে। আফজাল হোসেনের কাছ থেকে সময় পাওয়া সাপেক্ষে এ মাসের শেষ দিকে আমরা নাটকটির শুটিং করার পরিকল্পনা করছি।’ (The Daily Prothom Alo / 4 July)